মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সুপ্রভাত সিডনি রিপোর্ট : অস্ট্রেলিয়ার মেলবোর্নে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’। গত ২৯শে মার্চ ২০২৬ রবিবার মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উদ্বোধনী পর্ব

দিনটির শুরু হয় শিশুদের জন্য আয়োজিত এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। স্কুলের শিক্ষক জোবাইদা আলী, মিতা পারভীন এবং ড. নাহারের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ড. মাহবুবুর মোল্লা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করে শিক্ষার্থী আলীনা হক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গুরুত্বারোপ ও আলোচনা সভা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ড. মোল্লা মোঃ রাশিদুল হক। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমি, স্বাধীনতা যুদ্ধে এর প্রভাব এবং প্রবাসে নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। মেলবোর্নের মেরি-বেক কাউন্সিলে একটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান এবং কমিউনিটির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বায়ান্নর ভাষা আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরি-ব্যাক সিটি কাউন্সিলের কাউন্সিলর স্যু বোল্টন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন:

“ভাষার জন্য বাংলাদেশিদের এই আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। স্থানীয় পাঠাগারে বাংলা বই সরবরাহ এবং বাংলাদেশি কমিউনিটির যেকোনো প্রয়োজনে আমরা সব সময় পাশে থাকব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. আলম মাহবুব এবং ড. মাহবুবুর মোল্লা। তারা ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড এবং কাউন্সিলর স্যু বোল্টন।

ক বিভাগ (ছোট): প্রথম সুহাইলা, দ্বিতীয় তাহির, তৃতীয় জাইন।

খ বিভাগ (মধ্যম): প্রথম জাফিরা, দ্বিতীয় আলীনা, তৃতীয় নাদিরাহ।

গ বিভাগ (বড়): প্রথম নাফিসা, দ্বিতীয় সায়রা, তৃতীয় সুমাইতা।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সম্মিলিত জাতীয় সঙ্গীত ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশিত হয়। শিক্ষার্থীরা ছড়া, কবিতা আবৃত্তি ও গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *