
সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ৫ এপ্রিল ২০২৬ রবিবার সিডনিতে অত্যন্ত বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “গ্রেটার নোয়াখালী ফেস্টিভ্যাল ২০২৬”। প্রবাসী নোয়াখালীবাসীদের এক মিলনমেলা হিসেবে পরিচিত এই আয়োজনটি রূপ নিয়েছিল বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রদর্শনীতে। দিনব্যাপী এই উৎসবে সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবস্থল মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ও বিশেষ অতিথি
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রবাসে দেশের প্রতি মমত্ববোধ ও শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেসবাহ উদ্দিন খান। এছাড়াও উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন।
উপস্থাপনায় নান্দনিকতার ছোঁয়া
অনুষ্ঠানের প্রথম পর্ব সুনিপুণভাবে উপস্থাপনা করেন এনটিভি অস্ট্রেলিয়ার প্রতিনিধি ড. রাশেদ শ্রাবণ। তিনি নোয়াখালীর সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন আহসানুল শামল, যার সাবলীল উপস্থাপন দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক আয়োজন ও আপ্যায়ন
উৎসবে ছিল গান, নৃত্য এবং নোয়াখালীর ঐতিহ্যবাহী পরিবেশনাসহ মনমুগ্ধকর সব সাংস্কৃতিক আয়োজন। উৎসবে আগত অতিথিদের জন্য ছিল জিভে পানি আনা দেশি খাবারের সমারোহ, যার মধ্যে গরুর গোস্ত , পোলাও, রোস্ট, চানা ডাল এবং পায়েস ছিল বিশেষ আকর্ষণ। এছাড়া শিশুদের জন্য ফেস আর্ট এবং হালকা খাবারের সুব্যবস্থা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।
সম্মাননা ও স্বীকৃতি
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে ইভেন্টের স্পন্সর ও দাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান করেন কাউন্সিলর আশিক রহমান ও কাউন্সিলর এলিজা রহমান।
নেপথ্যের কারিগর
এই সুবিশাল আয়োজন সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সপন , ইসমাইল,শামীম, বাবু, তোফাজ্জল, মামুন, মোতালেব এবং রবিন আরও অনেক স্বেচ্ছাসেবক।
শেকড়ের টানে ঐক্যবদ্ধ নোয়াখালী
অনুষ্ঠানে নোয়াখাইল্লাদের ইতিহাস ও বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ অত্র অঞ্চলের কৃতী সন্তানদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, বিদেশের মাটিতেও নোয়াখালীর ঐতিহ্য ও ঐক্য আজও অমলিন।
সমগ্র অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহে ছিলেন অস্ট্রেলিয়ার একমাত্র বাংলা সংবাদপত্র সুপ্রভাত সিডনির প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন রাজু।