এক দশকের পথচলা, বিজয়ের গৌরব: সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

-মিজানুর রহমান সুমন: সাংবাদিকতার এক দশকের পথচলা ও বাংলাদেশের মহান বিজয় দিবসকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি)। আগামী ২০ ডিসেম্বর ২০২৬ আরস্কিনভিলের সিডনি পার্ক প্যাভিলিয়নে সংগঠনটির ১০ম বর্ষপূর্তি ও বিজয় দিবসের যৌথ উদযাপন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের এই আয়োজন।

মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি মূলধারার সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, অর্জন ও কমিউনিটিতে তাঁদের অবদান তুলে ধরা হবে অনুষ্ঠানে। আয়োজকদের প্রত্যাশা, এই উদযাপন মূলধারার সাংবাদিক, পাঠক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা। বিভিন্ন পেশা ও প্রজন্মের মানুষের উপস্থিতিতে আয়োজনটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বিজয়ের ইতিহাস ও নতুন প্রজন্মের সংযোগ

অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন থাকবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

আলোচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার মূল্যবোধ এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে। দেশের প্রতি ভালোবাসা ও শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে পরিবার, কমিউনিটি ও শুদ্ধধারার গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

প্রবাসে সাংবাদিকতার এক দশক

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের দশ বছর পূর্তি সংগঠনটির পথচলা ফিরে দেখার একটি বিশেষ উপলক্ষ। প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি।

কমিউনিটির গুরুত্বপূর্ণ ঘটনা, সাফল্য, সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের অংশগ্রহণ ও অবদানকে দৃশ্যমান করার ক্ষেত্রেও সাংবাদিকদের ভূমিকা রয়েছে। বর্ষপূর্তির আয়োজনে সেই অভিজ্ঞতা ও অবদান স্মরণের সঙ্গে আগামী দিনের দায়িত্ব ও সম্ভাবনার কথাও উঠে আসবে।

আয়োজকদের মতে, দশ বছর পূর্তির এই উদযাপন অতীতের অর্জন মূল্যায়ন এবং ভবিষ্যতের পথচলায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার সুযোগ তৈরি করবে শুদ্ধধারার সাংবাদিকদের জন্য।

সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ

আয়োজনের অন্যতম আকর্ষণ থাকবে অস্ট্রেলিয়াপ্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।

অতিথিদের সম্মানে থাকবে বিশেষ নৈশভোজ। পাশাপাশি সাংবাদিক, কমিউনিটি প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মতবিনিময় এবং নতুন যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

আয়োজকদের প্রত্যাশা, বিজয়ের গৌরব ও সাংবাদিকতার এক দশকের অভিজ্ঞতাকে ধারণ করে এবারের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও দৃঢ় করবে। বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং কমিউনিটির সম্মিলিত অগ্রযাত্রার আকাঙ্ক্ষাই হবে এই আয়োজনের মূল প্রেরণা। অস্ট্রেলিয়াপ্রবাসী জুলাই ’২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই উৎসাহ ও সমর্থন আয়োজকদের আশাবাদী করে তুলেছে যে, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় অঙ্গীকারবদ্ধ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের দশম বর্ষপূর্তির আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *