
সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া’-র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ ২০২৬ রবিবার সিডনির ইগলভেলস্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ এবং সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বাবু যৌথভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। মাহফিলে বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী ছাড়াও অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিবিদ , জনপ্রতিনিধি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন: ডেভিড মনক্রিফ, ফেডারেল এমপি। অনুলাক চান্থিভং, নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী (বেটার রেগুলেশন অ্যান্ড ফেয়ার ট্রেডিং, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড এবং ইনোভেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি)।
ডার্সি লাউন্ড, মেয়র, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল। কাউন্সিলর: ইব্রাহিম খলিল মাসুদ, মাসুদ চৌধুরী, এবং আশিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির বিশেষ প্রতিনিধি এ এন এম মাসুম।
ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
উপস্থিত অতিথিরা এই সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানান।