অবুঝ অপেক্ষা : অসিমা খাতুন 

সে বলেছিল ফিরে আসবে,

যেমন করে সন্ধ্যা নামার আগে

পাখি তার নীড়ে ফিরে আসে আপন ছন্দে,

শুকনো নদী বর্ষার জলে খুঁজে পায় স্রোত।

আমি অপেক্ষায় রইলাম,

একগুচ্ছ কাঠগোলাপ হাতে নিয়ে তার জন্য।

আকাশ কালো মেঘে ঢেকে গেল

চারিদিকে নেমে এলো ঘন অন্ধকার-

হঠাৎ ঝড় শুরু হলো, বৃষ্টিও এলো ঝমঝমিয়ে।

রাস্তায় জমে থাকা জল শুকিয়ে গেল

শুকিয়ে গেল তার জন্য যত্নে রাখা কাঠগোলাপ।

দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল

ঋতুর পর ঋতু পার হয়ে চারাগুলিও বড় হয়ে গেল

যে যার মত নিজের নিয়মে চলল-

শুধু আমিই না ফেরা মানুষটিকে ভুলতে পারলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *