
শরৎ মানে শুভ্র বরণ বনের কাশফুল
ঝিরিঝিরি হাওয়া লেগে দুলে দোদুল।
শরৎ মানে শিশির ধোয়া শিউলি ফুল
মৌমাছি মধুর খোঁজে সতত ব্যাকুল।
শরৎ মানে সবুজ পাতায় শিল্পীর তুলি
আঁকাবাঁকা গাঁয়ের ঐ ছোট গ্রামগুলি।
শরৎ মানে উড়ন্ত ঐ সাদা মেঘের ঘুড়ি
সুতো বাঁধা খোকার ঘুড়ি একত্রে উড়ি।
শরৎ মানে নদীর তীরের শান্ত এক বক
ছোট ছোট মাছ ধরে লম্বা ঠোঁটের নখ।
শরৎ মানে দীঘির জলে শাপলার হাসি
কী অপরূপ হাসিতে ঝরে মুক্তার রাশি।
শরৎ মানে মাঠ ভরা কৃষকের কাঁচা ধান
সবুজ ডাঁটায় দোদুল্যমান শিশিরে স্নান।
শরৎ মানে পাকা তালের সুমধুর সুবাস
তাল বড়ার গন্ধ ওড়ে রান্না ঘরের পাশ।
শরৎ মানে ভোরের পাখপাখালির ডাক
নীল আকাশে উড়ে চলা খঞ্জনের ঝাঁক।
শরৎ মানে কী অপরূপ প্রকৃতির এ রূপ
মিষ্টি রোদ ছড়ায় রবি ভোর আনে পুব।