সুপ্রভাত সিডনির স্বীকৃতি: একটি বিশেষ মুহূর্ত

সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২৬) সুপ্রভাত সিডনির জন্য ছিল আরেকটি স্মরণীয় দিন। একাধিক পুরস্কার বিজয়ী সুপ্রভাত সিডনির ঝুলিতে যুক্ত হলো আরও একটি সম্মান ও কাজের স্বীকৃতি।

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র নিয়মিত বাংলা পত্রিকা ‘সুপ্রভাত সিডনি’ বিগত ১৮ বছর ধরে প্রিন্ট ও ডিজিটাল উভয় মাধ্যমেই একটি সংখ্যাও বন্ধ না রেখে অবিরাম কমিউনিটির সেবায় নিয়োজিত রয়েছে। এমনকি কোভিড-১৯ মহামারীর কঠিন সময়েও সরকারি বিশেষ অনুমতি নিয়ে পুরো সিডনিজুরে পত্রিকা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ায় সুপ্রভাত সিডনিই একমাত্র পত্রিকা, যা বিভিন্ন বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে পাঠকদের অগাধ ভালোবাসা ও আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সম্মানিত সভাপতি ড. মইনুল ইসলাম নিজ উদ্যোগে ‘সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফের হাতে একটি বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেন। এর মাধ্যমে সুপ্রভাত সিডনির দীর্ঘদিনের অবদান এবং সামাজিক নানা কর্মকাণ্ডে সহায়তার যোগ্য স্বীকৃতি দেওয়া হয়। এ সময় মিলনায়তনে উপস্থিত সর্বস্তরের মানুষের মুহুর্মুহু করতালিতে এই নির্ভীক সাংবাদিককে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

এই স্বীকৃতি গত ১৮ বছর ধরে সংবাদপত্রটির নিরবচ্ছিন্ন সেবা এবং বস্তুনিষ্ঠ, সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারেরই এক বহিঃপ্রকাশ। জ্যেষ্ঠ লায়ন্স প্রতিনিধি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে এমন সম্মাননা লাভ সুপ্রভাত সিডনি দলের জন্য এক পরম আনন্দের ও অর্থপূর্ণ বিষয়।

এই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটি মূলত তুলে ধরে কমিউনিটি মিডিয়া কীভাবে নানা সামাজিক ও মানবিক আবেদন জনসাধারণের সামনে নিয়ে এসে, স্বেচ্ছাসেবীদের কাজকে নথিবদ্ধ করে এবং বিভিন্ন সংস্থাকে সাধারণ মানুষের সাথে যুক্ত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, আয়োজিত এ সন্ধ্যার মূল উদ্দেশ্য ছিল একটি সহজ ও মানবিক ভাবনা : শীতকালে বাংলাদেশের অভাবী মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়া। ড. মইনুল ইসলামের আন্তরিক নিষ্ঠা এবং লায়ন্স ক্লাবের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন ও অতিথিদের যৌথ উদ্যোগে এক দারুণ প্রীতিময় ও উদার পরিবেশে মহৎ এ উদ্দেশ্যটি নতুন গতি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *