কূটনৈতিক মিশনে প্রবাসীদের রক্ত শোষণ আর ফ্যাসিবাদের পুনর্বাসন বন্ধ হোক: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দূতাবাসগুলোতে অবিলম্বে কঠোর শুদ্ধি অভিযান চাই !

সুপ্রভাত সিডনি অনুসন্ধানী প্রতিবেদন: বিদেশের মাটিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট জেনারেলগুলো সংশ্লিষ্ট দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একমাত্র ভরসাস্থল হওয়ার কথা। অথচ দীর্ঘকাল ধরে এই মিশনগুলোকে ঘিরে এক ধরণের তীব্র ক্ষোভ, হতাশা এবং বদনাম চলে আসছে। পাসপোর্ট নবায়ন, ভিসা সেবা, জন্মনিবন্ধন, নানা সনদপত্র সত্যায়ন কিংবা আইনি সহায়তার মতো অতিপ্রয়োজনীয় সেবা নিতে গিয়ে প্রবাসীদের সিংহভাগকেই চরম ভোগান্তির শিকার হতে হয়। সেবা গ্রহীতাদের অভিযোগ : অফিসগুলোতে ফোন রিসিভ করা হয় না, ইমেইলের উত্তর দেওয়া হয় না, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সেবা মেলে না এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণ অত্যন্ত রুক্ষ ও দায়িত্বজ্ঞানহীন। এই সার্বিক পরিস্থিতির পেছনে মূলত কিছু গভীর কাঠামোগত, প্রশাসনিক এবং মানসিকতার সমস্যা কাজ করছে।

প্রথমত, দূতাবাসগুলোতে আধুনিক সেবামূলক মানসিকতার অভাব রয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দিন দিন কোটি ছাড়িয়ে গেলেও সেই অনুপাতে মিশনগুলোর আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়েনি। ফলে প্রতিদিন যে পরিমাণ সেবাপ্রত্যাশী উপস্থিত হন, তা সামাল দেওয়া বর্তমান কাঠামোর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। উপরন্তু, সরকারি চাকুরিতে প্র্রাচীন আমলাতান্ত্রিক সংস্কৃতি ও জবাবদিহির অনুপস্থিতির কারণে অনেক কর্মী নিজেদের ‘জনগণের সেবক’ না ভেবে নিজেদের ক্ষমতাশালী কর্মকর্তা হিসেবে জাহির করেন। এই ঔদ্ধত্যপূর্ণ মানসিকতাই জনসচেতনতা ও সুশাসনের অভাব ঘটিয়ে খারাপ আচরণের জন্ম দেয়।

দ্বিতীয়ত, সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং দুর্নীতি এই বদনামের অন্যতম প্রধান অনুঘটক। অনেক দূতাবাসে দালাল চক্র বা স্থানীয় প্রভাবশালীদের গোপন সিন্ডিকেট সক্রিয় থাকে। সাধারণ প্রবাসীরা সরাসরি সহজে সেবা পেতে চাইলে নানা জটিলতা তৈরি করা হয়, কিন্তু অতিরিক্ত অর্থ বা ঘুষের বিনিময়ে সেই কাজই দ্রুত সম্পন্ন হয়ে যায় বলে বহু অভিযোগ রয়েছে। নিয়মমাফিক সেবা না দিয়ে আমলাতান্ত্রিক জটিলতার জাল তৈরি করে সেবাগ্রহীতাদের দীর্ঘসূত্রিতায় ফেললে একশ্রেণির অসাধু কর্মকর্তার অনৈতিক পকেট ভারী হয়। এই দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ প্রবাসীরা চরম অসহায়ত্ববোধ করেন।

তৃতীয়ত, মিশনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোরালো নজরদারির অভাব রয়েছে। বিদেশে অবস্থিত মিশনগুলোর কর্মকাণ্ডের ওপর নিয়মিত অডিট, পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রবাসীদের সরাসরি মতামতের ভিত্তিতে কোনো কার্যকর ফিডব্যাক মেকানিজম বা হটলাইন সেবা থাকে না। কোনো কর্মকর্তা দায়িত্ব অবহেলা করলে বা অসদাচরণ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার নজির খুব কম। এই সংস্কৃতির কারণে অপরাধপ্রবণতা ও কাজের প্রতি উদাসীনতা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।

চতুর্থত, প্রবাসীরা দেশের অর্থনীতিতে বৈদেশিক রেমিট্যান্সের মাধ্যমে সবচেয়ে বড় ভূমিকা রাখলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের যথাযথ মর্যাদা বা অধিকার নিশ্চিত করা হয় না। অনেক ক্ষেত্রেই প্রবাসীদের ‘সেবাগ্রহীতা’ হিসেবে না দেখে এক ধরণের অনুকম্পার পাত্র হিসেবে বিবেচনা করা হয়। এই মানসিক বৈষম্য দূতাবাসগুলোর সেবার মান তলানিতে নিয়ে গেছে।

প্রবাসে পতিত স্বৈরাচারের দোসর ও দূতাবাস সিন্ডিকেট: জবাবদিহিতা ও সংস্কারের এক অবরূদ্ধ অধ্যায়

বিগত স্বৈরাচারী শাসনের পতনের পরও বৈশ্বিক ভূখণ্ডে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে পতিত ফ্যাসিবাদের দোসরদের নির্বিঘ্ন উপস্থিতি এক গভীর প্রাতিষ্ঠানিক ও জাতীয় নিরাপত্তার সংকট তৈরি করেছে। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেওয়া এবং প্রবাসে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা দূতাবাস ও কনস্যুলেট জেনারেলগুলোর প্রত্যক্ষ ছত্রচ্ছায়ায় বিশ্বজুড়ে নতুন করে সংগঠিত হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কূটনৈতিক সুরক্ষাবলয় ও বিশাল অংকের অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে এসব মিশন বর্তমানে ফ্যাসিবাদের পুনর্বাসন কেন্দ্রে রূপ নিয়েছে কি না, এমন প্রশ্ন এখন জনমনে তীব্র আকার ধারণ করেছে।

অযোগ্যতা, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের কেন্দ্র

বিসিএস বা পেশাদার পররাষ্ট্র ক্যাডার সার্ভিসের সুনির্দিষ্ট নিয়মকে পাশ কাটিয়ে দলীয় আনুগত্য, ‘মামা-খালু’ বা মোটা অংকের ঘুষের বিনিময়ে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী আমলে বহু অযোগ্য ও দলীয় ক্যাডারকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে পদায়ন করা হয়েছিল। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, পেশাদারিত্বহীন মনোভাব এবং সাধারণ প্রবাসীদের প্রতি অবজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি আজ ওপেন সিক্রেট যে এরাই মামু খালু ধরে আসা সেই অপদার্থ, অযোগ্য বেয়াদপগুলো । অতীতে যারা  মুজিব কোট গুঁজে ক্ষমতার ফায়দা লুটত, আজ তারাই ভোল পাল্টে ভিন্ন স্লোগানে মিশনগুলোর নিয়ন্ত্রণ ধরেছে। নীতিহীন সুবিধাবাদী এই চক্রের চাটুকারিতা ও নীতিহীন অবস্থান সম্পর্কে প্রবাসীরা কনস্যুলেট বা মিশনের কর্কর্তাদেরকে জিজ্ঞেস করে জানা যায় , “আমরা বর্তমান সরকারের অনুগত, সরকার বদলালে আমাদের ডায়লগও বদলায়” এমন নজিরবিহীন দ্বিচারিতা কূটনীতির মৌলিক নৈতিকতাকে চরমভাবে কলুষিত করছে।

কোটি টাকার ঘুষ বাণিজ্য ও বদলি সিন্ডিকেট

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে পোস্টিং পাওয়ার জন্য কোটি টাকার ঘুষ বাণিজ্য আজ ওপেন সিক্রেট। একবার এসব দেশে সেটেল্ট হতে পারলে নিজেদের ব্যক্তিজীবনের স্বার্থসিদ্ধিকেই তারা মূল ব্রত বানিয়ে নেন। বৈধ ও অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচার, সন্তানদের বিলাসবহুল পড়াশোনা, স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে গোপন আঁতাত এবং আত্মীয়স্বজনকে আপত্তিকর ও নানা সুবিধার ভিসায় এনে ব্যক্তিগত ব্যবসা বা বাণিজ্যে পুনর্বাসনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। জনসেবার পরিবর্তে দূতাবাসের প্রতিটি কূটনৈতিক সুবিধা ও প্রটোকলকে ব্যক্তিগত আখের গোছানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও ভেতরের সিন্ডিকেট

সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার কঠোর হুশিয়ারি ও আশ্বাসের পরও দৃশ্যমান কোনো প্রশাসনিক পরিবর্তন বা শাস্তিমূলক ব্যবস্থা না আসায় জনমনে গভীর হতাশার সৃষ্টি হয়েছে। গুঞ্জন রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী আমলাদের একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে, যারা ক্ষমতার ব্যাকআপ ও আর্থিক লেনদেনের জোরে এসব দুর্নীতিবাজ রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের টিকিয়ে রাখছে।

রাষ্ট্রের মেহনতি প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সের ওপর দাঁড়িয়ে চলা এই কূটনৈতিক মিশনগুলো যদি আজ দেশবিরোধী চক্রের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়, তবে তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনস্বার্থের প্রতি মারাত্মক হুমকি। এই দুষ্টচক্র ভেঙে গুঁড়িয়ে দিতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করে কঠোর প্রশাসনিক শুদ্ধি অভিযান পরিচালনা করা সময়ের সবচেয়ে বড় দাবি।

বাংলাদেশি দূতাবাসগুলোকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব এবং গতিশীল করতে হলে আমলাতান্ত্রিক মানসিকতার আমূল পরিবর্তন আনতে হবে। ডিজিটাল সেবা ও অটোমেশনের পরিধি বাড়িয়ে মানুষের মুখোমুখি যোগাযোগ বা দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রবাসীদের মতামতকে মূল্যায়ন করে কঠোর জবাবদিহিতা ও মনিটরিং সেল চালু করা জরুরি, নতুবা প্রবাসীদের এই বুকফাটা কান্না ও বদনামের বৃত্ত থেকে দূতাবাসগুলোর বের হয়ে আসা সম্ভব হবে না।

অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে  অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর সংকট উত্তরণ এবং কাঠামোগত সংস্কারের রূপরেখা :

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং সিডনিতে অবস্থিত কনস্যুলেট জেনারেলের সেবা নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ নিরসনে কেবল খণ্ডকালীন বা দায়সারা পদক্ষেপ যথেষ্ট নয়। বিশাল ভৌগোলিক আয়তনের দেশটিতে বসবাসরত লাখো প্রবাসীর সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং মিশনগুলোকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে অবিলম্বে কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি:

১. পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি ও নিবিড় নজরদারি সেল গঠন

স্বাধীন পরিবীক্ষণ ও হটলাইন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন ও সরাসরি তদারকি সেল গঠন করতে হবে, যার কাছে প্রবাসীরা কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই হয়রানি বা দুর্নীতির অভিযোগ দাখিল করতে পারবেন।

পারফরম্যান্স অডিট: প্রতিটি কর্মকর্তার কাজের গতিশীলতা, সেবা প্রদানের হার এবং প্রবাসীদের সাথে তাদের আচরণের ওপর নিয়মিত বিরতিতে গোপনীয় মূল্যায়ন বা পারফরম্যান্স অডিট পরিচালনা করতে হবে।

২. রাজনৈতিক লবিং ও ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর শুদ্ধি অভিযান

দলীয় প্রভাবমুক্ত পদায়ন: দলীয় পরিচয়, অনুকম্পা বা তথাকথিত ‘মামা-খালু’ প্রথার বশে অযোগ্য ব্যক্তিদের কূটনৈতিক মিশনে পোস্টিং দেওয়ার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।

শুদ্ধি অভিযান: বিগত আমলের সুবিধাভোগী ও বিতর্কিত কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মিশনগুলোতে পেশাদার, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।

৩. বদলি ও পোস্টিং প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনয়ন

ওপেন বিডিং ও মেরিট সিস্টেম: অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতে পোস্টিং বা বদলির ক্ষেত্রে কোটি টাকার ঘুষ বাণিজ্য ও গোপন সিন্ডিকেট ভাঙতে হবে। পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক, উন্মুক্ত ও স্বচ্ছ করতে হবে যাতে কোনো আর্থিক লেনদেনের সুযোগ না থাকে।

৪. ডিজিটাল ট্রান্সফরমেশন ও ওয়ান-স্টপ সার্ভিস চালু

সম্পূর্ণ অটোমেশন: পাসপোর্ট নবায়ন, ভিসা, নো-ভিসা রিকমেন্ডেশন (NVR), জন্মনিবন্ধন ও নানা সনদপত্র সত্যায়নের পুরো প্রক্রিয়াটি পেপারলেস ও শতভাগ ডিজিটাল করতে হবে।

সরাসরি যোগাযোগের আধুনিকায়ন: সেবাগ্রহীতাদের ফোন রিসিভ না করা বা ইমেলের জবাব না দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম ও কার্যকর হেল্প ডেস্ক চালু করতে হবে, যাতে প্রতিটি আবেদনের বর্তমান অবস্থা সেবাগ্রহীতা অনলাইনে দেখতে পারেন।

৫. জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা

জিরো টলারেন্স নীতি: কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি প্রবাসীদের সাথে অসদাচরণ করেন, দালালের সাথে হাত মেলান বা সেবা প্রদানে কালক্ষেপণ করেন, তবে তদন্ত সাপেক্ষে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত ও বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে।

অস্ট্রেলিয়াসহ প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখার অন্যতম চালিকাশক্তি। এই প্রবাসীদের সম্মান ও নাগরিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। দীর্ঘদিনের জমে থাকা এই জঞ্জাল দূর করে দূতাবাসগুলোকে সত্যিকারের ‘জনগণের সেবাকেন্দ্রে’ রূপান্তর করতে হলে সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সংস্কারের কোনো বিকল্প নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *