
সুপ্রভাত সিডনি রিপোর্ট : যশোরের সামাজিক সেবামূলক সংগঠন ‘আদর্শ মানুষ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক অসহায় রোগীর চিকিৎসা সহায়তায় অনুদানের চেক প্রদান করা হয়েছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে যশোরের বসুন্দিয়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মহতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এদিন কেফায়েতনগর গ্রামের বাসিন্দা মাসুদ মোল্যার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ মাসুদ মোল্যার উন্নত চিকিৎসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সাহিত্যিক আহমদ রাজু। অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. আব্দুল করিম। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
খন্দকার মশিউর রহমান (এমদাদ), এম এম জাহিদুল ইসলাম, হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আহমদ রাজু বলেন, “আদর্শ মানুষ ফাউন্ডেশন সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। মাসুদ মোল্যার মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. আরমান পারভেজ। চেক গ্রহণকালে মাসুদ মোল্যা ও তার পরিবার সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।