
টান ধরেছে-
সাঁই সাঁই বাতাসের টানে শুকিয়ে যাচ্ছে হাওরের পানি,
জেলেদের দৌরাত্ম্য আর চায়না জালের ফাঁদে-
বাদ যাচ্ছে না একটাও!
ছানা-বাচ্চা, মলা-ঢেলা, চান্দা-চুচড়া, টাকি-পুঁঠি
একে একে প্রাণ হারাচ্ছে সবাই।
তালগাছের মগডালে মা বক চুপচাপ বসে আছে,
উপোস ছানাদের আহাজারিতে মর্মাহত মা
ঠোঁটের কাছে চিউ চিউ ঠোঁটগুলো
পরম মমতায় অনবরত ফিরিয়ে দিচ্ছে।
তীক্ষ্ণ চোখে টার্গেট করা মাছগুলো
একে একে ধরা পড়ছে জেলেদের জালে।
সব হারিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে
জীর্ণ-শীর্ণ বাচ্চা তিনটির পানে।
ফেলে যাওয়া একটা, একটামাত্র ছোট্ট পুঁঠি
চিরচির পানির উজান ঠেলে-
পেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টায়
পটুতার কাছে বারবার হেরে যাচ্ছে।
মা বকের শিকারী চোখ স্থির-
হঠাৎ গাঙচিল এসে ছোঁ মেরে তুলে নেয় তাকেও।