
মিলন কান্তি দাস: রাজনৈতিক নেতৃত্ব পৃথিবীর প্রতিটি দেশেই রয়েছে। রাজনীতি রাষ্ট্র বিজ্ঞানের একটি অংশ। রাজনীতি ছাড়া একটি দেশ চলতে পারেনা। একটি দেশ সঠিকভাবে পরিচালনার জন্য নেতা,রাজনীতি ও তার প্রয়োগ দরকার। রাজনীতির মাধ্যমেই একটি দেশের রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়। পৃথিবীর প্রতিটি দেশই রাজনীতির মাধ্যমে পরিচালিত হয়-এটা অনস্বীকার্য। কিন্তু রাজনীতিরও কিছু আদর্শিক মানদন্ড এবং নিয়ন্ত্রিত কাঠামো ব্যবস্থা রয়েছে। বিশৃঙ্খলার নাম সর্বাবস্থায় রাজনীতি নয়। রাজনীতিতে আন্দোলন, সংগ্রাম সবই চলবে। এটি মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক- দুই ধরনেরই অধিকার। রাজনীতি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সবসময়ই স্বীকৃতি দেয়। কিন্তু গণতান্ত্রিক অধিকারকে হরণের নামও যেমন রাজনীতি নয়,তেমনি গণতান্ত্রিক অধিকারের নামে চরম বিশৃঙ্খলা সৃষ্টির নামও রাজনীতি নয়।
বাংলাদেশ সাংবিধানিক ভাবে একটি গণতান্ত্রিক দেশ। ১৯৭২ সালের যে সংবিধানের উপর ভিত্তি করে এই দেশের শাসকগণ রাষ্ট্র পরিচালনা করেন বা অতীতে করেছেন,এখানে গণতন্ত্রকে সংবিধানের মূলনীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। গণতন্ত্র আধুনিক রাষ্ট্র পরিচালনার একটি সুন্দর পন্থা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক এই রাষ্ট্রে গণতন্ত্র বারবার আহত হয়েছে। পঞ্চান্ন বছরের ইতিহাস যেন তাই বলে। এর অনেকগুলো কারন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারন-এদেশে কর্মীর চেয়ে নেতা বেশী। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলে কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেশী। আর এদের বেশীরভাগই সুযোগ সন্ধানী ও ধান্দাবাজ প্রকৃতির। এখন রাজনীতিতে আদর্শিক ও দেশপ্রেমিক নেতার বড় অভাব। এখনকার নেতাদের দ্বারা শুধু একটি সমাজ নয়,একটি দলও ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্রবিজ্ঞানে নেতা (Leader) হলেন এমন একজন ব্যক্তি, যিনি সামাজিক বা রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষমতার অধিকারী এবং নির্দিষ্ট জনসমষ্টি বা দলের আদর্শ ও লক্ষ্য অর্জনে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন। সহজ কথায়, যিনি সাধারণ জনগণের ওপর প্রভাব বিস্তার করে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে তাদের পরিচালিত ও চালিত করেন, তিনিই নেতা। কিন্তু, আমাদের দেশের ক্ষেত্রে নেতার এই সংজ্ঞাটি অনেকটা অকার্যকর ও দুর্বল বলে বেশীরভাগ ক্ষেত্রে মনে হয়। এই দেশে পথে ঘাটে, পাড়ায় মহল্লায়,ঘরে ঘরে নেতা আর নেতা। একটি প্রবাদ আছে-‘গায়ে মানেনা,আপনি মোড়ল’। বেশীরভাগ ক্ষেত্রে আজ এই অবস্থা। আমাদের দেশের কোন এক নেতা তার দলের নেতাদের কথা বলতে গিয়ে একবার বলেছিলেন,’বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি,আর আমার দলের নেতা ১৯ কোটি’। কথাটি তিনি হয়তো কৌতুকতার ছলে বলেছিলেন। কিন্তু এই কথাটির মধ্যে অনেক তাৎপর্যগত গভীরতা রয়েছে। এটা মানে কোন আনন্দ নয়,এটা একটা অনুশোচনা বা উদ্বেগ বা দুশ্চিন্তা। নেতা তার দলে কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেড়ে যাওয়ার এ উদ্বেগ প্রকাশ করেছিলেন। একটি দলে কর্মীর চেয়ে নেতা বেড়ে গেলে ঐ দলে আর শৃঙ্খলাবোধ থাকেনা। কর্মীর চেয়ে নেতা বেড়ে যাওয়া মানে হলো-ঐ দলে অনাদর্শের চর্চা বেড়ে যাওয়া। কর্মীর চেয়ে নেতা বেড়ে যাওয়া মানে-ঐ দলে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া। কর্মীর চেয়ে নেতা বেড়ে যাওয়া মানে-একটি দলে ত্যাগীদের চেয়ে ধান্দাবাজের সংখ্যা বেশী বেড়ে যাওয়া।
আমাদের দেশের বেলায় যেমন তেমনটিই ঘটছে। এখানে প্রতিটি রাজনৈতিক দলে এখন কর্মীর চেয়ে নেতার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এখানে সকলেই দলীয় শৃঙ্খলা মানতে যেন নারাজ। বিশেষ করে, সরকারি দলে সবসময় নেতার সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যায়। যখন যে দল ক্ষমতায় আসে,তখন ঐ দলে নেতার সংখ্যা বেড়ে যায়। যখন যে দল ক্ষমতায় আসে,তখন ঐ দলের দলীয় প্রধানের বাপ,দাদা চৌদ্দ গোষ্ঠীর নামে প্রায় শতাধিক ভুঁইফোড় সংগঠন গড়ে উঠে। আর এসব সংগঠনের নেতৃত্বে যারা থাকে,তাদের প্রত্যেকের কোন না কোন কুমতলব থাকে। আর এরাই একটি সরকারের বারোটা বাজিয়ে দেয়। এটা আমার মুখের কথা নয়। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাস এটার স্বাক্ষী। উশৃঙ্খল হাইব্রীডরা নেতা সেজে একটি দলকে জনতার কাছে বারবার আসামীর কাঠগড়ায় দাড় করায়। আর তাদের মধ্যে কেউ কেউ রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। কেউ টাকা পাচার করে চলে যায় বিদেশে। আর কেউ ক্ষমতার পট পরিবর্তনে জেলে পঁচে।
এখন একটি শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির বড়ই প্রয়োজন। আর এজন্য কিছু শুদ্ধ রাজনৈতিক মানুষের দরকার। আমতরে সবার নেতা হবার সংস্কৃতি এই দেশের রাজনীতিতে চিরতরে বন্ধ করতে হবে। আর এটা হলে রাজনীতিতে কিছু না কিছু গুণগত পরিবর্তন আসবে।