তাইওয়ান যাত্রা: বিমানবন্দরে বিপত্তি, পাহাড়ে বিপদ

আব্দুল্লাহ আল আরিফ: ২০২৫ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ। সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সঙ্গে একটা বিরাট অঘটন ঘটল।

পাসপোর্ট, ভিসা, টিকিট সবকিছু নিয়ে তাইওয়ানে যাওয়ার উদ্দেশ্যে কোয়ান্টাস এয়ারলাইন্সের কাউন্টারে দাঁড়ালাম। কোয়ান্টাসের কাস্টমার সার্ভিস প্রতিনিধি আমার পাসপোর্ট নিলেন। টিকিট নিলেন, ভিসা চেক করলেন। এরপর শুধু বোর্ডিং পাস দেওয়ার অপেক্ষা। কিন্তু উনি বোর্ডিং পাস দিচ্ছেন না। কম্পিউটারে কী যেন একটা খুঁজছিলেন।

আমি প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করে জিজ্ঞেস করলাম, ‘সব ঠিক আছে?’

উত্তরে উনি বললেন, ‘আপনি আরেকটু অপেক্ষা করুন, আমি আমাদের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে আসি।’

উনি গেলেন। এরপর দশ মিনিট হয়ে গেল, ফিরলেন না। এদিকে আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। তাই আমি ম্যানেজারের রুমের দিকে হাঁটতে শুরু করলাম। দরজা ভেজানো। দেখলাম, আমার পাসপোর্ট ম্যানেজারের হাতে। উনি কম্পিউটারে কী যেন দেখাচ্ছেন তার সহকর্মীকে।

আমি নক করলাম। ম্যানেজার আর তার সহকর্মী বের হলেন। হাতে একটা কাগজ ধরা। কাগজটা আমাকে দিয়ে বললেন, ‘সরি স্যার, আমরা আপনাকে বোর্ডিং পাস দিতে পারছি না। আজ আপনার তাইওয়ান যাওয়া হচ্ছে না।’

বলে কী এরা! আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।

একটা আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ পাঠ করতে যাচ্ছি তাইপের একটা বিশ্ববিদ্যালয়ে। আমার বিশ্ববিদ্যালয় থেকে ছুটি, প্লেনের টিকিট আর হোটেল বুক করে দিয়েছে। আমি সিডনিতে অবস্থিত কনস্যুলার অফিস থেকে তাইওয়ানের ভিসা নিয়েছি। এর আগে গত ছয় মাস ধরে গবেষণাপ্রবন্ধ লিখলাম, পাওয়ারপয়েন্ট স্লাইড বানালাম। সবকিছুই ঠিকঠাক। আজ রাতে তাইওয়ানে পৌঁছে কাল সকালে কনফারেন্স। এমন সময় এই মহিলা এইটা কী বলল?

আমি জিজ্ঞেস করলাম, ‘কী কারণে আমাকে বোর্ডিং পাস দেওয়া হবে না?’

সে বলল, ‘আপনার তাইওয়ানের ভিসা আছে, এইটা ঠিক। কিন্তু আমাদের ফ্লাইট হংকং হয়ে যাবে। আপনার হংকংয়ের ট্রানজিট ভিসা লাগবে, যেইটা আপনার নেই। সুতরাং আপনাকে আমরা বোর্ডিং পাস দিতে পারছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

বলল দুঃখিত। কিন্তু আমার মনে হলো, সে ভেতরে ভেতরে বেশ আনন্দ পাচ্ছিল। আরেকজন মানুষ ব্যাগট্যাগ গুছিয়ে এয়ারপোর্টে এসে জানল, তার যাওয়া হচ্ছে না – এরকম একটা লোকের চেহারায় যে হতাশা থাকার কথা, আমার চেহারায় সেরকম হতাশা না থাকায় সেও আসলে মন থেকে দুঃখিত বোধ করছিল না। মনে হয় কিছুটা আমোদ বোধ করছিল।

আমার চেহারায় হতাশা বা দুঃখ ছিল না। ছিল কৌতূহল।

এর আগে অনেকবার হংকং হয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এসেছি। কখনোই হংকং ট্রানজিট ভিসা লাগেনি। এবার কেন লাগবে, এই কৌতূহল ছিল আমার চোখেমুখে।

আর এর আগেও শেষ মুহূর্তে প্লেনে উঠতে না পারার ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তাই আমি বিষয়টার সঙ্গে কিছুটা পরিচিত ছিলাম। এজন্য ততটা খারাপ লাগছিল না।

২০২২ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে জাপানের টোকিও আসার ফ্লাইটে বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমার নাম অ্যানাউন্স করল। তখনই বুঝলাম, ঝামেলা আছে কপালে।

এয়ারপোর্টে নাম অ্যানাউন্স করে লটারি জেতার বা অন্য কোনো সুসংবাদ দেয় না।

তাই ভয়ে ভয়ে গেলাম কাউন্টারে। আমাকে বলল, ‘সরি, গত চব্বিশ ঘণ্টার মধ্যে করা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট লাগবে এই প্লেনে ওঠার জন্য। আপনার কোভিড সার্টিফিকেটটা দেন।’

আমার কাছে সেটা ছিল না। আসলে, এইটা যে লাগবে, তাই আমি জানতাম না।

আমি গিয়েছিলাম পর্তুগালের লিসবনে একটা কনফারেন্সে। ফেরার পথে এই জটিলতা। যাই হোক, সেবার ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের কোভিড ক্লিনিক থেকে টেস্ট করে পরের দিনের ফ্লাইটে টোকিও ফিরেছিলাম।

তো এবার কী করব? তাইওয়ান গেলে আজই যেতে হবে। কাল কনফারেন্স।

আমি ওদের ধন্যবাদ দিয়ে কোয়ান্টাস কাউন্টার থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। আমার বিশ্ববিদ্যালয়ের যে ট্রাভেল এজেন্ট আমার টিকিট করেছিল, তাদের সঙ্গে কথা বলতে হবে।

এই ট্রাভেল এজেন্ট আবার আরেক প্যারা। ওই দিন রবিবার ছিল। তাই ওরা ফোন ধরার জন্য অতিরিক্ত চার্জ করবে জানাল। আমি রাজি হলাম। পরে ফোন ধরল।

বললাম, ‘টিকিটটা ক্যানসেল করে দাও। ওরা আমাকে বোর্ডিং পাস দিচ্ছে না।’ কারণ জানতে চাইল। বললাম।

সে টিকিট ক্যানসেল করে দিয়ে জানতে চাইল, এখন কী করব? নতুন টিকিট কাটব, নাকি বাসায় ফেরত যাব? আমি বললাম, ‘টিকিট দেখ।’

সে জানাল, এখন থেকে দুই ঘণ্টা পরে ক্যাথে প্যাসিফিকের একটা ফ্লাইট আছে তাইওয়ানের। আমি যদি ক্যাথে প্যাসিফিকে যাই, তাহলে হংকং ট্রানজিট ভিসা লাগবে না।

আমি তাজ্জব হয়ে গেলাম। একই দেশে যাব। এক এয়ারলাইন্সে গেলে ভিসা লাগবে, আরেকটাতে লাগবে না। কী আজব নিয়ম!

আমি ওই ফ্লাইট কনফার্ম করতে বললাম। বলল, আমার অ্যাপ্রুভড বাজেট এক্সিড করেছে। সো, আমাকে আমার বসের অ্যাপ্রুভাল নিতে হবে।

বসকে জানালাম। সে অ্যাপ্রুভ করল। আমি নতুন টিকিটের ইমেইল পেলাম। এখন থেকে দুই ঘণ্টা পর ফ্লাইট।

আমি একটা কফির দোকানে গিয়ে কফি নিয়ে নতুন এয়ারলাইন্সের কাউন্টারে লাইনে দাঁড়ালাম। আমার সিরিয়াল এলে পাসপোর্ট দিলাম। কাস্টমার সার্ভিস প্রতিনিধি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমার পাসপোর্ট, ভিসা, টিকিট সবকিছু চেক করে বোর্ডিং পাস দিয়ে দিলেন। হাঁফ ছেড়ে বাঁচলাম।

আসলে সোনার বাংলার পাসপোর্ট নিয়ে কোথাও যেতে হলে ভিসা থাকলেও ভয় লাগে। মনে হয়, এই বুঝি কোনো একটা কারণ দেখিয়ে বলবে, ‘সরি, আপনার যাওয়া হচ্ছে না। আমরা আপনাকে বোর্ডিং পাস দিতে পারছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

যাই হোক, চেকইন, ইমিগ্রেশন, সিকিউরিটি সবকিছু শেষ করে প্লেনে উঠে বসে মনে পড়ল কোয়ান্টাসের কাস্টমার সার্ভিস প্রতিনিধির আন্তরিক দুঃখিত বক্তব্যঃ ‘সরি, আপনি আজ তাইওয়ান যেতে পারছেন না।’

আমি মনে মনে বললাম, ‘হ্যালো মিস, লুক অ্যাট মি। আমি তাইওয়ান যাচ্ছি। তুমি ঠেকাতে পারনি।’

ঠিক সময়েই হংকং পৌঁছালাম। সেখান থেকে ফ্লাইট চেঞ্জ করে তাইপে। রাত বারোটার দিকে তাইপে আন্তর্জাতিক এয়ারপোর্টে নামলাম।

একটা ট্যাক্সি নিয়ে গেলাম হোটেলে। পঁয়তাল্লিশ মিনিটের রাইড। প্রায় আশি অস্ট্রেলিয়ান ডলার ভাড়া রাখল। বুঝলাম, দেশটা ভালোই এক্সপেনসিভ হবে। পরে অবশ্য হাড়ে হাড়ে টের পেয়েছি সেটা।

অস্ট্রেলিয়ার সিডনিতে যে কফি কিনি গড়ে পাঁচ ডলারে, তাইওয়ানে সেই কফি কিনলাম ছয়-সাত ডলারে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে তো দেখলাম পকেটে টাকা শর্ট পড়ে গেছে। পরে কার্ড দিয়ে পে করতে হলো। ভাগ্যিস ওরা ভিসা কার্ড নেয়।

যাই হোক, পরদিন আমার কনফারেন্স ছিল। সকালে উঠে গেলাম ভেন্যুতে। আমার হোটেল থেকে হাঁটাপথ। দশ মিনিট লাগল। সারাদিন কনফারেন্সে থাকলাম।

বিকেলে কনফারেন্স থেকে হোটেলে ফিরলাম। মাগরিবের নামাজের জন্য গেলাম তাইপে গ্র্যান্ড মসজিদে। আমার হোটেল থেকে সাত-আট মিনিট হাঁটাপথ।

মাগরিবের পর মসজিদে বসেই এশার জন্য অপেক্ষা করছিলাম। এসময় তাইওয়ানে বসবাসরত কিছু বাংলাদেশি ভাইয়ের সঙ্গে দেখাসাক্ষাৎ হলো। একজন ওখানে পিএইচডি করছেন। তাইওয়ানের পড়ালেখা, জীবনযাপন আর সার্বিক পরিস্থিতি কেমন, তা নিয়ে আলোচনা হলো।

রাতে মসজিদের কাছের একটা হালাল রেস্টুরেন্টে ডিনার করে হোটেলে ফিরে লম্বা ঘুম দিলাম।

পরদিন কনফারেন্সের দ্বিতীয় এবং শেষ দিন। দুপুরে লাঞ্চের পর সবাই যার যার মতো বের হয়ে পড়ল। আমিও আমার দুই সহ-আলোচকের সঙ্গে বের হয়ে পড়লাম। তাদের সঙ্গে আগের দিন পরিচয় হয়েছিল।

উদ্দেশ্য ছিল তাইপে শহরের এক কোণে থাকা এলিফ্যান্ট মাউন্টেনে ট্রেকিং করা আর সেই সঙ্গে তাইপে ১০১ দেখা।

এলিফ্যান্ট মাউন্টেনে ওঠার পথটা বেশ খাড়া। পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি থাকলেই যে পাহাড়ে ওঠা সহজ হয়ে যায়, এমন কোনো কথা নেই। উঠতে উঠতে সেটা বেশ ভালোভাবেই বুঝলাম।

অনেকটা ওপরে উঠে একটা ভিউপয়েন্টে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। পানি খেলাম। চারপাশের দৃশ্য দেখলাম।

ওপর থেকে তাইপে শহরটা বেশ সুন্দর দেখায়। বিশেষ করে তাইপে ১০১। শহরের অন্যান্য ভবনের মাথা ছাড়িয়ে দাঁড়িয়ে আছে। এত কষ্ট করে ওপরে ওঠার একটা সান্ত্বনা অন্তত পাওয়া গেল।

ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে এলাম। কয়েক ঘণ্টা পর হঠাৎ খেয়াল হলো, আমার ফোনটা নেই।

প্রথমে খুব একটা বিচলিত হলাম না। ভাবলাম, ব্যাগে আছে হয়তো। ব্যাগ দেখলাম। পকেট দেখলাম। কোথাও নেই। তারপর মনে পড়ল, ফোনের কাভারের ভেতরে আমার ব্যাংক কার্ড আর আইডি কার্ডগুলোও আছে।

এবার বেশ ভয় পেলাম। শুধু ফোন হারালে একটা কথা ছিল। কিন্তু ফোনের সঙ্গে ব্যাংক কার্ড, আইডি – সব একসঙ্গে হারিয়ে গেলে বিপদের আর শেষ থাকবে না। তাও আবার এই বিদেশ বিভূঁইয়ে।

মনে করার চেষ্টা করলাম, শেষ কোথায় ফোনটা ব্যবহার করেছি। তখনই মনে পড়ল পাহাড়ের ওপরের সেই ভিউপয়েন্টের কথা। যেখানে বিশ্রাম নিয়েছিলাম, পানি খেয়েছিলাম। ওখানে পানির ফোয়ারার কাছে ফোনটা রেখেছিলাম।

তারপর আর নিয়েছি বলে মনে পড়ছে না। তার মানে ফোনটা পাহাড়ের ওপরেই পড়ে আছে! এখন কী করা যায়?

প্রথমে পুলিশকে জানালাম। কিন্তু শুধু পুলিশকে জানিয়ে হোটেলে বসে থাকার মতো ধৈর্য আমার ছিল না। ঠিক করলাম, নিজেই আবার পাহাড়ে যাব। যদি ফোনটা পাওয়া যায়!

ততক্ষণে সন্ধ্যা সাতটা। সূর্য ডুবে গেছে। চারপাশ অন্ধকার। যে পাহাড়ে দিনের আলোয় একবার উঠতে গিয়ে যথেষ্ট কষ্ট হয়েছে, সেই পাহাড়ে আবার রাতের অন্ধকারে উঠব। তাও একটা ফোন খুঁজতে। কিন্তু উপায় কী?

পাহাড়ের নিচের দিকের স্টেশনে পৌঁছে যখন আমার পরিকল্পনার কথা বললাম, লোকজন এমনভাবে তাকাল, যেন আমি একটা পাগল। অবশ্য তাদের খুব একটা দোষ দেওয়া যায় না।

অন্ধকারে পাহাড়ে উঠে একটা নির্দিষ্ট জায়গায় পড়ে থাকা ফোন খুঁজে বের করার পরিকল্পনাকে খুব বুদ্ধিমানের কাজ বলা মুশকিল।

তবে সেখানে একজন ভদ্রমহিলার দেখা পেলাম। তিনি আমাকে পথ দেখিয়ে দিলেন। শুভকামনা জানালেন। এমনকি পাহাড়ে ওঠা শুরু করার আগে তার মবাইল ফোনে আমার একটা ছবিও তুলে দিলেন।

আমি আবার পাহাড়ে উঠতে শুরু করলাম।

এবার আর পাহাড়ের সৌন্দর্য দেখার কোনো সুযোগ নেই। তাইপে ১০১ দেখারও আগ্রহ নেই। আমার সমস্ত চিন্তা ফোনটা নিয়ে।

হাঁটছি, সিঁড়ি বেয়ে উঠছি, আবার হাঁটছি। একসময় বুঝতে পারলাম, কাজটা প্রায় অসম্ভব।

দিনের বেলায় যে জায়গাটায় বসেছিলাম, অন্ধকারে সেই নির্দিষ্ট জায়গাটা খুঁজে বের করব কীভাবে? তার ওপর এতটা পথ উঠে আমি তখন রীতিমতো ক্লান্ত।

মনটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে আবার পাহাড়ে উঠলাম, কিন্তু ফোনটা পাওয়া গেল না। এখন আবার নিরাপদে নিচে নামতে হবে। কোনোমতে নিচে নেমে হোটেলে ফিরলাম।

হোটেলে ঢুকতেই রিসেপশনের লোকটি হাসিমুখে আমাকে একটা খবর দিলেন। পুলিশ ফোন করেছিল। কেউ একজন আমার ফোনটা খুঁজে পেয়ে নিকটস্থ থানায় জমা দিয়েছেন।

আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ফোন পাওয়া গেছে! ব্যাংক কার্ড, আইডি – সবকিছু ঠিক আছে!

অচেনা একটা দেশে, অচেনা একজন মানুষ আমার হারানো ফোন খুঁজে পেয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন। এমন ঘটনার পর মানুষের ওপর বিশ্বাস কিছুটা বেড়ে যাওয়াই স্বাভাবিক।

তবে আমার নিজের বুদ্ধির ওপর বিশ্বাসটা কতটা বাড়ল, তা বলা মুশকিল।

ফোনটা পাহাড়ের ওপর রেখে চলে এসেছি। তারপর সেটার খোঁজে রাতের অন্ধকারে আবার পাহাড়ে উঠেছি। শেষ পর্যন্ত ফোন পাওয়া গেছে অন্য একজনের সততার কারণে।

যাই হোক, ফোন আর তার সঙ্গে থাকা সবকিছু নিরাপদে ফিরে পেলাম। বাকি ভ্রমণটা অন্তত ব্যাংক কার্ড আর আইডি ছাড়া কাটাতে হলো না।

তাইওয়ানে আমার শেষ দিনটা একা একা ঘুরে বেড়ানোর জন্য বরাদ্দ রেখেছিলাম। গেলাম তাইপের দান জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দান পার্কে। আমার হোটেল থেকে ছয়-সাত মিনিট হাঁটাপথ, তাইপে গ্রান্ড মসজিদের কাছেই।

সবুজ গাছপালা, বসার জায়গা, দৌড়ানোর ট্র্যাক, ব্যায়াম করার সরঞ্জাম, আর একটা পুকুর নিয়ে বেশ বড়সড় একটা সবুজ উদ্যান।

পুকুরে নানারকম মাছ আর কচ্ছপ দেখলাম। আশপাশের গাছগুলোতে অনেক পাখিও ছিল। শহরের কংক্রিটের ঠিক মাঝখানে এক মরূদ্যান। আমি একটা চক্কর দিয়ে পার্কটা দেখলাম।

এরপর বাসে করে বেশ কিছুটা দূরের একটা হালাল রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে অনেক খুঁজেও রেস্টুরেন্টটা পেলাম না।

বিদেশে হালাল খাবার খুঁজতে গিয়ে এ রকম বিপদ মাঝেমধ্যেই হয়। ম্যাপে রেস্টুরেন্ট আছে, বাস্তবে নেই। অথবা আছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না।

যাই হোক, অনেক খোঁজাখুঁজি করেও যখন পাওয়া গেল না, তখন মন খারাপ করে আবার তাইপে গ্র্যান্ড মসজিদে জোহরের নামাজ পড়তে গেলাম।

নামাজের পরে দেখলাম, আগের দিন পরিচয় হওয়া এক ভাই দাঁড়িয়ে আছেন আমার জন্য।

আমাকে নিয়ে গেলেন পাশের একটা কক্ষে। দেখলাম, সবাই সেখানে দুপুরের খাবার খাচ্ছে। আমার জন্যও খাবার এল। বেশ সুস্বাদু আর আন্তরিকতায় ভরা ছিল সেই খাবারটা।

কিছুক্ষণ আগেও হালাল রেস্টুরেন্ট খুঁজে না পেয়ে মন খারাপ করে মসজিদে ফিরেছিলাম। আর এখন বিনা আয়োজনে এমন একটা চমৎকার খাবার জুটে গেল।

আমার পুরোনো একটা বিশ্বাস আছে। সব খারাপের মধ্যেও একটা না একটা ভালো লুকিয়ে থাকে। আমার কাজ হলো সেই ভালোটা খুঁজে বের করা।

তাইওয়ানে এসে বিশ্বাসটা আবারও কাজে লাগল।

খাওয়া শেষে হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথেও হংকং হয়ে সিডনি। পরদিন সকালে সিডনি পৌঁছালাম।

সব মিলিয়ে তাইওয়ান বেশ ভালোই লাগল। নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো, তাইপে শহর ঘুরে দেখা হলো। পাহাড়ে উঠে ফোন হারালাম, আবার ফেরতও পেলাম।

আর সবচেয়ে বড় কথা, যে দেশে কোয়ান্টাসের হিসাবমতো আমার যাওয়ারই কথা ছিল না, সেই দেশ থেকে দিব্যি ঘুরে ফিরে এলাম। আবার যাওয়ার ইচ্ছা আছে।

সিডনিতে ফেরার কয়েক দিন পর একটা ইমেইল পেলাম। পাঠিয়েছেন সেই ভদ্রমহিলা, যিনি রাতের অন্ধকারে পাহাড়ে ওঠার আগে আমাকে পথ দেখিয়েছিলেন।

ইমেইলের সঙ্গে একটা ছবি। সেদিন পাহাড়ে ওঠার আগে তিনি আমার যে ছবিটা তুলেছিলেন, সেই ছবি। ছবিটা দেখে আবার সেই রাতের কথা মনে পড়ল। একজন মানুষ তার হারানো ফোন খুঁজতে অন্ধকার পাহাড়ে উঠছে। আরেকজন অচেনা মানুষ তাকে পথ দেখিয়ে একটা ছবি তুলে দিচ্ছেন।

কী বিচিত্র!

 

লেখক পরিচিতিঃ শিক্ষক, ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়, সিডনি, অস্ট্রেলিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *