সিডনিতে ‘জেন-জি বাংলাদেশ’ প্রামাণ্য চিত্র প্রদর্শনী

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১৫’ই নভেম্বর, ২০২৬ রবিবার সন্ধ্যায় ‘জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া’র উদ্যোগে সিডনির লাকেম্বায় চব্বিশের জুলাই গণভ্যুত্থানের বিশেষ প্রামাণ্যচিত্র ‘জেন-জি বাংলাদেশ’ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানটির উদ্যোগ ও সঞ্চালনায় ছিলেন মোশতাক আহমেদ। তাছাড়া, জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আয়োজনে সামগ্রিক ভূমিকা পালন করেন রাফসান নিশান ও আবু জাহেদ। সংগঠনের পক্ষ থেকে এই প্লাটফর্মে ফ্যাসিবিরোধী সব দল ও মতের মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ ইমাম।

উল্লেখ্য, বিখ্যাত ফ্রেঞ্চ-বাংলাদেশী চিত্র পরিচালক আমিরুল আরহাম সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানটি অলঙ্কৃত করেন। প্রদর্শনীর পূর্বে তিনি জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে নিজের ও এই প্রামাণ্যচিত্র তৈরীর অভিজ্ঞতা আবেগঘন ভাষায় বর্ণনা করেন।

মূলত বৈশ্বিক দর্শকদের উদ্দেশ্যে নির্মিত ৯৪ মিনিটের এ প্রামান্যচিত্রে অভ্যুত্থানের নির্মম ঘটনাপ্রবাহ ও সফল সমাপ্তিকে সাবলীল ভাষায় তুলে ধরা হয়। প্রদর্শনী চলাকালে ঘটনার নির্মম চিত্রায়নে অনেক দর্শককে জুলাইয়ে ফিরে যাওয়ার মত অশ্রুসিক্ত হতেও দেখা গেছে।

প্রদর্শনীর পর পরিচালকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে তিনি দেশপ্রেম ও মানবপ্রেমের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং প্রবাসে থেকেও যার যার সক্ষমতা অনুসারে দেশের জন্য কাজ করে যেতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেন।

পরিশেষে রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে প্রদর্শনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *