অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত সময় পার করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সুপ্রভাত সিডনি রিপোর্ট : বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অস্ট্রেলিয়া সফর করেছেন। গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় প্রতিনিধিদলটি সিডনি কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ও অভ্যর্থনা

ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদলে রয়েছেন জামায়াত নেতা ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. সিরাজুল ইসলাম, শিবলী আবদুল্লাহ, ড. ইসমাঈল হোসাইন, ড. ফারুক আমিন ও কামাল মাহমুদসহ স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শিশু-কিশোরেরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়।

দ্বিতীয় দিনের কর্মসূচি: ইমাম কাউন্সিল, প্রাক্তন শিবির ও যুব সমাবেশ (২১ নভেম্বর)

সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর ২০২৬) প্রতিনিধিদলটি সিডনিতে একাধিক ধর্মীয়, সামাজিক ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করে:

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সংবর্ধনা: দুপুরে ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মধ্যাহ্নভোজে অংশ নেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশী, লেবানিজ, টার্কিশ, পাকিস্তানী ও ইন্দোনেশিয়ান আলেমদের উপস্থিতিতে তিনি বলেন, জ্ঞান ও আমলের অভাবে মুসলিম বিশ্ব আজ পিছিয়ে পড়েছে এবং ইসলামকে যথাযথভাবে আঁকড়ে ধরার মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

বিরোধীদলীয় নেতার হাতে সুপ্রভাত সিডনির নভেম্বর সংখ্যা

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও কমিউনিটি ইয়ুথ অ্যান্ড সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (CYCDO) সভাপতি আব্দুল্লাহ ইউসুফ শামীম বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের হাতে পত্রিকাটির নভেম্বর ২০২৬ সংখ্যা তুলে দেন।

প্রাক্তন শিবির নেতাকর্মীদের সাথে মতবিনিময়: বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রকৌশলী মুহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে “রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক এক সভায় জনশক্তিকে সম্পদে রূপান্তরিত করার ওপর গুরুত্বারোপ করেন ডা. শফিকুর রহমান। সভায় সফররত প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ও প্রবাসী শিক্ষাবিদ শিবলী আবদুল্লাহ বক্তব্য রাখেন।

শিশু-কিশোরদের সাথে অনুষ্ঠান: একই অডিটরিয়ামে “চেঞ্জ নিডস আওয়ার ইয়থ” শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত শিশু-কিশোরদের সামনে দেশের গল্প তুলে ধরেন জামায়াত আমীর। এ সময় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভূমিকার কথা বর্ণনা করেন।

গ্যালিপলি হোম এজড কেয়ার পরিদর্শন: সন্ধ্যায় স্থানীয় টার্কিশ কমিউনিটির আমন্ত্রণে তিনি সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ার সেন্টার পরিদর্শন করেন এবং বাংলাদেশের সাথে মানবিক ও কল্যাণমূলক পারস্পরিক সহায়তার সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা করেন।

তৃতীয় দিনের কর্মসূচি: প্রবাসী বাংলাদেশীদের সাথে গণসংবর্ধনা ও মতবিনিময় (২২ নভেম্বর ২০২৬)

সফরের তৃতীয় দিন রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেল চারটায় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও সম্মাননা

অস্ট্রেলিয়া সফর উপলক্ষে সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইমাম আবু হুরায়রার পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিএনপি অস্ট্রেলিয়া (মূলধারা), এনসিপি অস্ট্রেলিয়া, জুলাই অ্যালায়েন্স অস্ট্রেলিয়া, বাংলাদেশ ইসলামিক সেন্টার, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাব, আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টার, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদপত্র  সুপ্রভাত সিডনি, প্রবাসী টিভি এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন এ আয়োজনে অংশ নেয়।

উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদপত্র  সুপ্রভাত সিডনির  প্রধান সম্পাদক, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও কমিউনিটি ইয়ুথ অ্যান্ড সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সিওয়াইসিডিও) সভাপতি আব্দুল্লাহ ইউসুফ শামীম এবং পত্রিকাটির সম্পাদক ড. ফারুক আমিন।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার (মূলধারা) আহ্বায়ক ও প্রবীণ নেতা দেলওয়ার হোসেন, বিএনপি অস্ট্রেলিয়া (মূলধারা)-এর সাবেক সম্পাদক লিয়াকত আলী স্বপন এবং বাংলাদেশ ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক ডিএইচএম ইসমাইল।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান ও মূলধারার সাংবাদিক সংগঠনের সভাপতি রাশেদ শ্রাবণ, সাংবাদিক নাদিম ফারুকী, এসএসটিভি অস্ট্রেলিয়ার লাইভ স্ট্রিমার এ এন এম মাসুম (এ এন এম মাসুম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুপ্রভাত সিডনির পক্ষ থেকে আন্দোলনে নিয়মিত অংশ নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন), এসএসটিভি অস্ট্রেলিয়ার লাইভ স্ট্রিমার মোহাম্মদ জাকির হোসেন রাজু, সুপ্রভাত সিডনির প্রতিবেদক জামিলুর রহমান এবং বিশেষ প্রতিনিধি অধ্যাপক শফিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।

সুপ্রভাত সিডনির প্রশংসায় ড. শফিকুর রহমান

শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমকে বলেন, “গতকাল রাতে আপনার পত্রিকা পড়েছি, খুব ভালো লেগেছে।” এ সময় তিনি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন।

অতিথিবৃন্দের বক্তব্য: প্রবাসী শিক্ষাবিদ শিবলী আবদুল্লাহ, আসিফ ইকবাল এবং ডা. আবু ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফররত প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর মাসুদ খলিল। মাসুদ খলিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে বিরোধীদলীয় নেতার ভূমিকার প্রশংসা করেন।

উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী বক্তব্য: অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত গবেষক, ব্যবসায়ী, গৃহিণী, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাম্প্রতিক নির্বাচন, জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার হুমকি, বিএনপি ও এনসিপির সাথে জামায়াতের সম্পর্ক এবং শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান অত্যন্ত খোলামেলা ও সাবলীল ভঙ্গিতে এসব প্রশ্নের উত্তর দেন। সমাপনী বক্তব্যে তিনি শহীদ নেতাদের ও জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ স্মরণ করে দেশ গঠনে প্রবাসীদের সক্রিয় অবদান রাখার আহ্বান জানান।

ক্যানবেরা সফর ও দেশে প্রত্যাবর্তন

রবিবার রাতের অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে সিডনি ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ক্যানবেরায় ফেডারেল পার্লামেন্ট পরিদর্শনের পাশাপাশি অস্ট্রেলিয়ার সরকারি ও বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন।

গত ২৩ নভেম্বর ২০২৬ সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে সফররত বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে সংবর্ধনা জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে “জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ সাদিক হাসান বান্না ও ড. এমদাদুল হক কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াত ও তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। ড. মাসুদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও প্রথিতযশা চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি এ সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী পেশাজীবীদের অর্জন, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা তাঁদের মেধা, যোগ্যতা, কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাঁদের এই অর্জন বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি প্রবাসী বাংলাদেশী পেশাজীবীদের প্রতি তাদের বর্তমান অবস্থানরত দেশের প্রতি নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা প্রধান অতিথির সঙ্গে সরাসরি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার ও মতামত বিনিময়ের সুযোগ পান। অতঃপর,মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ প্রতিনিধিদলটি দেশে ফেরে যান।

মতামত:

বাংলাদেশ থেকে আগত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সিডনি এবং ক্যানবেরায় বেশ কিছু অনুষ্ঠানে (ইভেন্টে) অংশগ্রহণ করেছেন। নিরাপত্তাজনিত কারণে দলীয় নেতা-কর্মীদের বাইরে জনসাধারণকে এসব অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়নি বা আমন্ত্রণ দেওয়া হয়নি। ফলে প্রতিটি অনুষ্ঠানই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, অভ্যন্তরীণ দলীয় বিভাজন ও মতপার্থক্যের কারণে তারা কোনো ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি পালন করেননি। অনেকেই মনে করছেন, অস্ট্রেলিয়া একটি শান্তিপ্রিয় দেশ; এখানে যুক্তরাজ্যের (ইংল্যান্ড) মতো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সবাইকে আইনের মুখোমুখি হতে হতো। বিশেষ করে শিক্ষার্থী বা অন্য ভিসায় অবস্থানকারীদের ক্ষেত্রে হাতকড়া পরিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) ঝুঁকি থাকায়, কোনো কর্মসূচি না দিয়ে তারা হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *