সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বায় রান্নাঘর রেস্টুরেন্টের ফাংশন হলে কমিউনিটি ইয়থ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (সিওয়াইসিডিও) এর উদ্যোগে বাংলাদেশী শরণার্থীদের জন্য একটি তথ্যবিনিময় অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী শরণার্থীরা অংশগ্রহণ করেন।
সিওয়াইসিডিও সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীমের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শরণার্থীদের জন্য সাম্প্রতিক সময়ে প্রযোজ্য তথ্য জানিয়ে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার সুপরিচিত সংগঠন রিফিউজি এডভাইস এন্ড কেসওয়ার্ক সার্ভিসেস (রেক্স) এর ডাইরেক্টর এবং প্রিন্সিপাল সলিসিটর সারা ডেল এবং সিনিয়র সুপারভাইজিং সলিসিটর এলিসন রায়ান। সংক্ষিপ্ত বক্তব্য পর্বের পর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তারা উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বে ইন্টারপ্রেটর বা অনুবাদক হিসেবে ছিলেন সুপ্রভাত সিডনি’র সম্পাদক ড. ফারুক আমিন।
সিওয়াইসিডিও সভাপতি ও সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম তাঁর সূচনা বক্তব্যে রেক্স থেকে আগত অতিথিদেরকে তাদের এই সামাজিক ও মানবিক সেবার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি সমাজেই নানা শ্রেণী থাকে এবং প্রতিটি শ্রেণীই পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। সমাজের নানা শ্রেণীর প্রতি সহযোগিতা ও সহায়তার হাত বাড়িয়ে দিতে সিওয়াইসিডিও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
উপস্থিত আইনজীবী এবং রেক্স কর্মকর্তারা অস্ট্রেলিয়ার বর্তমান ইমিগ্রেশন পলিসি, রাজনৈতিক অবস্থা এবং শরণার্থীদের জন্য করণীয় বিভিন্ন কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের সাথে তারা আলাদাভাবে কথা বলে তাদের বিস্তারিত প্রেক্ষাপট সংগ্রহ করেন এবং পরবর্তীতে তাদের সংগঠন রিফিউজি এডভাইস এন্ড কেসওয়ার্ক সার্ভিসেস (রেক্স) এর মাধ্যমে প্রয়োজনীয় এবং সম্ভবপর সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন। বিশেষ এই সামাজিক অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো অস্ট্রেলিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র কমিউনিটি পত্রিকা সুপ্রভাত সিডনি।




