যতটা সুবোধ হলে : বাবু হক

যতটা সুবোধ হলে

তোমার চিবুকে তিন আঙুলের

পরশ বুলাতে পারতাম ততটা সুবোধ

হতে হতে আমার সিল্কি ব্ল্যাকশাইন চুলে

শরৎ মেঘের চিকন রেখা ফুটে ওঠে।

বন্ধুরা হাসে

আমার পরিণত একাকিত্ব দেখে!

অনেকেই আমাকে এড়িয়ে চলে

তাদের অনুরোধ উপরোধ উপেক্ষা করায়।

তোমার তারুণ্য খচিত

শরীরের স্পর্শ পাওয়া মুগ্ধ সুগন্ধি

আজও সযতনে তোলা আছে আমার ঘ্রাণেন্দ্রিয়ে।

এখন আমি ততটাই সুবোধ

যতটা সুবোধ হলে তোমাকে উপেক্ষা করার

সঞ্চিত সাহসে ভর দিয়ে চলে যেতে পারি

দিগন্ত রেখার ওপারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *