
শহরেতে থাকো তুমি পাওনা খেলার মাঠ,
দেখতে তুমি পাওনা বন্ধু শানবাঁধানো ঘাট।
সকালবেলা শুনতে পাওনা পাখির মিষ্টি গান,
ভরদুপুরে শুনতে পাওনা নদীর কলতান।
প্রজাপতি রঙিন ডানা দেখতে পাওনা রোজ?
শহরে নাই তিলাঘুঘু করে দেখো খোঁজ।
পুকুরেতে চাঁদের ছায়া দেখতে পাওনা রাতে,
কানামাছি, বৌচি খেলা খেলো কী কার সাথে?
পাওনা দেখতে রাখাল ছেলে, তার হাতের ওই বাঁশি,
পাওনা তুমি দেখতে বন্ধু কলমি ফুলের হাসি।
পাওনা দেখতে শাপলা, শালুক দিঘির কালো জল,
পারো না ঢিল ছুঁড়ে খেতে গাছের মিষ্টি ফল।
ঢাকার শহর থাকো তুমি নাই শহরে বিল,
দেখতে তুমি পাওনা বন্ধু কেমনে ওড়ে চিল?
বাঁশ বাগানে পাওনা দেখতে জোনাকিদের আলো,
প্রকৃতিরই সাথে মিশলে মন হয়ে যায় ভালো।
শহরেতে আছে শুধু অট্টালিকা বাড়ি,
রাস্তাঘাটে দেখতে পাবে হাজার হাজার গাড়ি।
গাড়ির কালো ধোঁয়া বন্ধু দূষণ করে বায়ু,
কমে যাচ্ছে বন্ধু তোমার দিনে দিনে আয়ু।
শহর ছেড়ে গাঁয়ে এসো বসবে বটের ছাঁয়,
গাঁয়ের ধূলোমাটির গন্ধে প্রাণ জুড়িয়ে যায়।