
যুদ্ধের কোনো হৃদয় নেই, তাই সে চিনে না মাটির সোঁদা গন্ধ,
যেখানে একফোঁটা অশ্রু ঝরে পড়লে
কেঁপে ওঠে গোটা একটা আকাশ। মানুষের গল্প
ভাঙা ঘরে চাঁদের আলো ভাগ করে নেওয়ার।
আমাদের এক একটি আঙুলের ডগায় লুকিয়ে আছে
স্পর্শের মহাকাব্য। অবাধ্য চোখের কোনে জমে থাকা
জল কোনো মহাযুদ্ধ বোঝেনা। ব্যর্থতার পর
আবার উঠে দাঁড়ানোর যে জেদ, বুকের ভিতরে চেপে রাখা
যে তীব্র অভিমান, তার কোনো নিখুঁত হিসাব হয়না।
আমরা ক্ষনস্থায়ী, আমরা মরনশীল, তবু আমরাই অমর।
কারণ আমরা কাঁদতে জানি, আমরা হাত বাড়িয়ে
অন্ধকার রাতে অন্যকে আলো দেখাতে পারি।
সময়ের ক্রুর চাকা আমাদের যতবার পিষে দিতে চায়,
ততবার আমরা নতুন এক একটি কবিতার জন্ম দিই।
যতদিন পৃথিবীতে একটিও মানুষের বুক কাঁপবে
ভালোবাসার টানে, ততদিন কোনো মেধা, কোনো
ধাতব সভ্যতা আমাদের আত্মাকে ছুঁতে পারবেনা।
আমরাই রক্ত, আমরাই অশ্রু, আর আমরাই এই
পৃথিবীর একমাত্র জীবন্ত স্পন্দন।