সিডনিতে গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশের বিজনেস ডিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশের পর্যটন, হোটেল উন্নয়ন ও রিয়েল এস্টেট খাতে প্রবাসীদের বিনিয়োগের সম্ভাবনা এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশ’ (GoldSands Group Bangladesh)-এর বিশেষ বিজনেস ডিনার ও মতবিনিময় সভা।

গত মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার শাহী ডেরা রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির বিভিন্ন চলমান ও পরিকল্পিত প্রকল্পের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা, হোটেল উন্নয়ন কার্যক্রম এবং প্রবাসীদের জন্য প্রস্তাবিত বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিশেষ করে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার, কুয়াকাটা এবং পদ্মা সেতু সংলগ্ন মাওয়াসহ সম্ভাবনাময় বিভিন্ন এলাকায় হোটেল ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা হোটেলের রুম বা স্যুইটে বিনিয়োগ, সম্ভাব্য ভাড়াভিত্তিক আয়, বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা এবং বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত আবাসন সুবিধাসহ বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি বিনিয়োগের শর্তাবলি, প্রকল্প পরিচালনা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও উপস্থিত অতিথিদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক প্রেস সেক্রেটারি, যুক্তরাজ্যপ্রবাসী প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার সংগঠক শামসুল আলম লিটন।

এ সময় বক্তব্য রাখেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, শাপলা শালুক লায়ন্স ক্লাবের সভাপতি, ডাক্তার এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি – সিডনির বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডাঃ মইনুল ইসলাম, সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক এম. এ. ইউসুফ শামীম, পরিবেশ বিশেষজ্ঞ ড. নার্গিস বানু, বিএনপি অস্ট্রেলিয়ার প্রথম এবং প্রতিষ্টাতা সভাপতি এনামুল ভূঁঞা, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, বিএনপি অস্ট্রেলিয়র সাবেক সা, সম্পাদক লিয়াকত আলী স্বপন , ড. হুমায়ের চৌধুরী রানা, ড. মেজর মারুফ হোসেন, কুদরত উল্লাহ লিটন, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, এনটিভি অস্ট্রেলিয়ার সিইও মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান সুমন, তারেক উল ইসলাম, খাইরুল কবির পিন্টু, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ব্যবসায়ী ট্রেড সংগঠনের সাধারণ সম্পাদক এ এন এম মাসুম, সাংবাদিক মাসুম বিল্লাহ, মিনহাজ উদ্দিন (প্রকৌশলী) , নাদিম ফারুকী, সাংবাদিক অর্ক হাসানসহ সিডনির বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশ, প্রবাসীদের বিনিয়োগে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, দক্ষতা ও অর্থনৈতিক সম্পৃক্ততা দেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোল্ডস্যান্ডস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা এবং সম্ভাবনাময় খাতে বিনিয়োগে উৎসাহিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের পর্যটন ও আবাসন খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

সভায় বিনিয়োগের নিরাপত্তা, আর্থিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। উপস্থিত অতিথিরা বিনিয়োগের বিপরীতে সম্ভাব্য আয়, মুনাফা বণ্টনের পদ্ধতি, বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা এবং বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় বৈধ উপায়ে অর্জিত মুনাফা স্থানান্তরের প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

বিশেষ করে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রচলিত আইন, ব্যাংকিং নীতিমালা, করসংক্রান্ত বিধিবিধান এবং আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের প্রযোজ্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগ্রহ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তাঁরা যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই, প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসীদের কাছে বাংলাদেশের পর্যটন ও আবাসন খাতের সম্ভাবনা তুলে ধরতে নিয়মিত মতবিনিময়, তথ্য বিনিময় এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এ ধরনের আয়োজন প্রবাসী উদ্যোক্তা ও দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানজুড়ে উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা এবং প্রবাসীদের সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত তুলে ধরেন।

সবশেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *