
বস্তি পাড়ার রতন দা
বাড়ির সামনে বেচে চা,
বর্ষাকালের বৃষ্টি হলেই
রতনদার ভেজে গা।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
রতনদার ভাঙ্গা ঘরে,
খোকা খুকি জড়সড়
পলিথিন মাথায় ধরে।
রতনদার বৌ, রান্না ঘরে
রাঁধতে গিয়ে কান্না করে,
চুলার ধারে জল থৈ থৈ
কেমন করে উনুন ধরে?
রতন গেল হাট- বাজারে
চাল ডাল নাই যে ঘরে,
বৃষ্টির দিনে বন্ধ হাট
থাকে সবাই উপোস করে!
চুলার ধারে চোখ বিড়বিড়
স্ত্রী ভীষণ রেগে তিড়বিড়,
ভেজা উনুন কষ্টে জ্বালি
বৌয়ের মেজাজ নাই স্থির!