
মনু মামার হয় না বিয়ে চিন্তা বাড়ি শুদ্ধ
বিয়ের কথা শুনলে মামা হয়ে ওঠেন ক্রুদ্ধ
ব্যাপারটা কী ভাবছে সবাই
মামার মাথায় চড়ল কি বাই!
এই রহস্য উদ্ঘাটনে শুরু হলো যুদ্ধ!
নানি বলেন পাশের গাঁয়ের মাগন কবিরাজ
ডাকলে তাকে তার ঔষধ ঠিক করবে কাজ
থাকে যদি জিনের আছর
তাবিজ দিলে কাটবে সে ডর
নানির কথায় নানার মাথায় পরে যেন বাজ!
ধমকে উঠে নানা বলেন ডাকো জামাইজন
গভীর চেষ্টা করুক তারা বুঝতে মনুর মন
নয় দেখাবে ডাক্তার
সমস্যা দূর হবে তার
কবিরাজের দাওয়াই জেনো চলেনা এখন!
এমন সময় ঘটক এসে বলেন নানার কানে
বিয়ের বাধা আমার মতো মনু মিয়াও জানে
মনুর মাথায় মস্ত টাক
তাই বাজেনা বিয়ের ঢাক
টাকটা নিয়ে মনু মিয়ার দুঃখ বেজায় প্রাণে!
ঘটক তবু আশ্বাস দেন শুনুন জনাব তবে
কথা দিচ্ছি মনু মিয়ার জলদি বিয়ে হবে
খুঁজছি আমি এমন মেয়ে
টাক বড় যার মনুর চেয়ে
যে বিয়েটা ইতিহাসে অমর হয়ে রবে!