
সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের বনভোজন ও মিলনমেলা। গত ২৫ অক্টোবর ২০২৬ ওয়েস্টার্ন সিডনির বিংগারাবি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৬০০ জন অংশ নেন।
ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল এলাকার বিভিন্ন সাবার্বে বসবাসরত বুয়েটিয়ানদের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় সিডনির নানা প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে যোগ দেন। প্রায় ৩২–৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ভ্যাপসা গরম উপেক্ষা করে পুরোনো বন্ধুদের সান্নিধ্যে মেতে ওঠেন তাঁরা। স্মৃতিচারণ, প্রাণখোলা আড্ডা এবং পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্কজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও উচ্ছ্বাস।
বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই সম্মিলন প্রবাসে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ককে নতুন করে উজ্জীবিত করে। দীর্ঘদিন পর পরিচিত মুখের সঙ্গে দেখা হওয়ার পাশাপাশি একে অন্যের পরিবারের সঙ্গে পরিচয় এবং নতুন প্রজন্মের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলারও সুযোগ তৈরি হয়।

শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। সব বয়সী সদস্যের অংশগ্রহণে আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত পারিবারিক উৎসবে।
আয়োজক কমিটির সদস্যদের মতে, প্রায় ৬০০ মানুষের এই আয়োজনের কার্যক্রম সময়মতো সম্পন্ন করা, সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা ছিল উল্লেখযোগ্য সাফল্য। দীর্ঘ সারি এড়াতে একাধিক খাবার পরিবেশন কেন্দ্রের ব্যবস্থা করা হয়। ঘরোয়া স্বাদের সুস্বাদু খাবারের পাশাপাশি বাড়িতে খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থাও অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ও বুয়েটিয়ানদের বিভিন্ন গ্রুপে অংশগ্রহণকারীরা আয়োজক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। দীর্ঘদিনের প্রস্তুতি, সুস্পষ্ট দায়িত্ব বণ্টন, পারস্পরিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমে বড় পরিসরের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকেরা।
তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন সিডনিতে বসবাসরত বুয়েটিয়ান ও তাঁদের পরিবারের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।