সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনিতে বাংলাদেশি কমিউনিটির প্রাচীন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (BAOA)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান সঞ্চালক আলমগীর ইসলাম বাবু এবং সভাপতি মনিরুল হক জর্জ উপস্থিত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি, ফেডারেল এমপি ম্যাট থিসলথওয়েট, নিউ সাউথ ওয়েলসের স্টেট এমপি ও অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি, ক্যাম্পবেলটাউন সিটির মেয়র ডার্সি লাউন্ড, স্টেট এমপি ডেভিড মনক্রিফ এবং স্টেট এমপি নাথান হ্যাগার্টি।
এ সময় প্রিমিয়ার, মন্ত্রী, এমপি ও মেয়রের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে অতিথিদের আলোকচিত্র ধারণ করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, মাসুদ চৌধুরী, আশিকুর রহমান এবং এলিজা আজাদ রহমান।
নৈশভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরবী পারমিতা বোস ও কিশওয়ার আখতার। সাংস্কৃতিক পর্বের আকর্ষণ ছিল নাটিকা ‘প্রবাসীর পাংখা’। নাটকটিতে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, জুই সেন তুলি, তানিম মান্নানসহ অন্যান্য শিল্পীরা।
এছাড়া একক নৃত্য পরিবেশন করেন আদরিতা আকাশ। সংগীত পরিবেশন করেন মিতা আতিক, প্রয়াত কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ-এর কন্যা ঐন্দ্রিলা আহমেদ এবং চ্যানেল আই শিল্পী মেহেদী হাসান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজকরা শিল্পী, স্বেচ্ছাসেবক, স্পন্সর, মিডিয়া পার্টনার, টেকনিক্যাল টিম এবং উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে কনভেনর মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা প্রিন্ট পত্রিকা সুপ্রভাত সিডনি এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সার্বিক সংবাদ কাভারেজ প্রদান করে। অনুষ্ঠানের শুরুর আগে থেকে সুপ্রভাত সিডনি-এর জনপ্রিয় প্রতিবেদক মোহাম্মদ জাকির হোসেন রাজু সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি (লাইভ) সম্প্রচার ও ধারাবাহিক আপডেটের মাধ্যমে দর্শকদের অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন এবং ব্যাপক আগ্রহ সৃষ্টি করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেন, প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে সুশৃঙ্খল ও আকর্ষণীয় আয়োজন অব্যাহত রাখবে।



